গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
আওয়ামী লীগ ১৪ জন প্রিসাইডিং কর্মকর্তার ব্যাপারে আপত্তি তুলেছে। তাঁরা ইসলামী ব্যাংকের কর্মকর্তা। আওয়ামী লীগের অভিযোগ, নির্বাচনে ধর্মের অপব্যবহার হচ্ছে।
আর বিএনপি ইতিমধ্যে ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তার তালিকা ইসিতে জমা দিয়ে বলেছে, তাঁদের দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।
দুই দলের অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘অভিযোগ গড়পড়তা হলে অ্যাকশন (ব্যবস্থা) নেওয়া সম্ভব নয়। সুনির্দিষ্ট হলে ব্যবস্থা নেব। তার পরও অভিযোগের সত্যতা পেলে রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
তবে কমিশন ইসির পর্যবেক্ষক তালিকা থেকে ১২ জনকে প্রত্যাহার করেছে। বলা হয়েছে, কাজের সুবিধার জন্য কমিশন এটা করেছে।
গতকাল সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ সিইসির সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ করেন। সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সুবিধার জন্য নির্বাচনে বিশেষ এলাকার পুলিশ কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা প্রভাব বিস্তার করছেন। ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এতে প্রমাণিত হয়, বিদ্যমান পরিস্থিতিতে সেনা মোতায়েন প্রয়োজন। আমরা কমিশনের কাছে সেই দাবি জানিয়েছি।’
কর ফাঁকির অভিযোগে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ভোটের সময়ে এনবিআরের আচরণ প্রমাণ করে, সরকার সবখানে দলীয়করণ করছে।
বিকেলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম কমিশনের সঙ্গে বৈঠক করেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, আওয়ামী লীগের দুই নেতা ইসলামী ব্যাংকের ১৪ জন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা এবং নির্বাচনে ধর্মের অপব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন।
তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ ভিত্তিহীন। সেনা মোতায়েনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সময়ে স্থানীয় নির্বাচনে কখনো সেনা মোতায়েন হয়নি। তবে কমিশন চাইলে সেনা মোতায়েন করতে পারে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গাজীপুরের নির্বাচন পর্যবেক্ষণ করার অভিযোগ সম্পর্কে তোফায়েল আহমেদে বলেন, ‘বিএনপি যেসব অভিযোগ তুলেছে, তার প্রতিটি বিষয়ে সিইসির কাছে জবাব দিয়েছি। তাদের অভিযোগ অবান্তর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল গঠনের অভিযোগ মিথ্যা।’ এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘এ ধরনের সেল হলে আমি অন্তত জানতাম।’
সেনাবাহিনী মোতায়েনের দাবির বিষয়ে বিকেলে দপ্তর ত্যাগের আগে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন সজাগ ও প্রস্তুত আছে। ভোটের দিন পর্যাপ্তসংখ্যক নিরাপত্তারক্ষী নিয়োজিত থাকবে।’
পর্যবেক্ষকের তালিকা থেকে ১২ জন বাদ: গাজীপুরে ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে গতকাল নির্বাচন কমিশন তাদের নিজস্ব পর্যবেক্ষকের সংখ্যা ১৯ থেকে সাতজনে নামিয়ে এনেছে।
এর আগে গত ৩০ জুন জেলার চার নির্বাচন কর্মকর্তাকে গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ২৬ জুন তাঁদের সেখানে সংযুক্ত করা হয়েছিল।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘কমিশন সচিবালয় নিজেদের কাজের সুবিধার জন্য এই পরিবর্তন এনেছে।’