আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে জামালপুর পৌরসভার নির্বাচনে নিজ সমর্থকদের ওপর হামলা ও তাঁদের হুমকি এবং প্রচার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মেয়র প্রার্থী। গতকাল সোমবার ওই সংবাদ সম্মেলন করা হয়।
জেলা আওয়ামী লীগও বিএনপির প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও প্রচার ক্যাম্প ভাঙচুরের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের তমালতলা এলাকায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ্ সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, গত রোববার রাতে ১০ নম্বর ওয়ার্ডের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুর রশিদ, সমর্থক নুরুল হক ও ছাত্রলীগের নেতা সোহাগকে বিএনপি প্রার্থীর সমর্থকেরা মারধর এবং একটি প্রচার ক্যাম্প ভাঙচুর করেছে।
বেলা দেড়টার দিকে শহরের শফি মিয়ার বাজার এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী। তিনি বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে শহরের কম্পপুর, হাটচন্দ্রা, রশিদপুর ও রামনগর এলাকার প্রচার ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাউছুল আজম শাহীন ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেমান সুলে ও যুগ্ম সম্পাদক এনামুল হক ও ছাত্রদলের নেতা জনির বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া তারা রাত সাড়ে আটটার দিকে আমার ভাই আবদুল্লাহ আল ফুয়াদের ওপর হামলা চালায় এবং তার ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করে। ঝুঁকি থাকায় নির্বাচনীয় প্রচারণায়ও অংশ নিতে পারছি না।’