বগুড়ার কাহালু পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি পৃথকভাবে নির্বাচনী প্রচারণা সভা করেছে। গতকাল শনিবার কাহালু সদরে ওই সভা দুটি হয়।
কাহালু সদরে মেয়রের বাড়ির সামনে অনুষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগের প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁরা দলীয় প্রার্থীর সমর্থনে সবাইকে কাজ করার কথা বলেন।
এতে বক্তব্য দেন বগুড়া জেলার সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মুনসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।
অন্যদিকে বিএনপির নির্বাচনী প্রচারণা সভায় দলের উপজেলা কার্যালয়ে মেয়র প্রার্থী আবদুল মান্নান সভাপতিত্ব করেন। এতে বক্তারা বলেন, গত নির্বাচনে দলের মধ্যে দ্বন্দ্ব থাকায় তাঁরা মেয়র পদ হারিয়েছিলেন। এবার যেন এমনটি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।
এতে বক্তব্য দেন সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আবদুর রশিদ, সদস্যসচিব রফিকুল ইসলাম প্রমুখ।