নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে প্রাথমিকভাবে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত সোমবার রাতে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়টি চূড়ান্ত হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অপর দিকে গতকাল মঙ্গলবার বিএনপির প্রার্থীও চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে তিন ‘ভূঁইয়া’ যথাক্রমে পৌরসভার সদ্য প্রয়াত মেয়র আবদুল হক ভূঁইয়ার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুল হক ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মো. মনিরুজ্জামান ভূঁইয়া (শামীম) ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভূঁইয়া (জামান) মনোনয়ন চেয়েছিলেন। এ অবস্থায় প্রার্থী চূড়ান্ত করতে গত রোববার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন নির্বাচক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় সাংসদ ইফতিখার উদ্দিন তালুকদার এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকেরা আসাদুল ও মনিরুজ্জামানের পক্ষে-বিপক্ষে সমর্থন দেন। ফলে একক প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্তে পোঁছানো সম্ভব হয়নি। তাই দলের মনোনয়নপ্রত্যাশী তিন ‘ভূঁইয়ার’ নামই কেন্দ্রে পাঠানো হয়। অবশেষে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় আসাদুল হক ভূঁইয়ার মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল কাদির ভূঁইয়া বলেন, ‘দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় আসাদুল হক ভূঁইয়ার মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে বলে শুনেছি।’ তিনি আরও বলেন, আসাদুল হক ভূঁইয়া মনোনয়ন পাওয়ায় দলের তৃণমূলের নেতা-কর্মীরা খুশি। তবে উপজেলা ও পৌর শাখার যেসব নেতা এর বিরোধিতা করেছেন, তাঁদের কথায় দলের কর্মী ও সাধারণ ভোটাররা বিভ্রান্ত হবেন না।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মেয়র পদে আওয়ামী লীগের অপর মনোনয়নপ্রত্যাশী মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও কামরুজ্জামান ভূঁইয়া ইতিমধ্যে মনোনয়নপত্রও তুলেছেন। তাই এখন তাঁদের ভূমিকা কী হবে, এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি।
স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বিএনপিতেও বিরোধ দেখা দিয়েছিল। এ পরিস্থিতিতে মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই ও সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকারের নামই কেন্দ্রে পাঠানো হয়েছিল। এর মধ্যে শফিকুল ইসলামের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।