চট্টগ্রামের মিরসরাইয়ের সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
মিরসরাইয়ের সাতটি ইউপিতে নির্বাচন হবে আগামী ৪ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে।
আওয়ামী লীগ সূত্র জানায়, করেরহাটে এনায়েত হোসেন, মিঠানালায় খায়ের ভূঁইয়া, মঘাদিয়ায় জাহাঙ্গীর হোসাইন, খৈয়াছরায় জাহেদ ইকবাল চৌধুরী, হাইতকান্দিতে জাহাঙ্গীর কবির চৌধুরী, মায়ানীতে কবির নিজামী ও ওয়াহেদপুরে মো. ফিরোজ দলীয় মনোনয়ন পেয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান প্রার্থী মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপি সূত্র জানায়, করেরহাটে কামাল উদ্দিন, মিঠানালায় শাখাওয়াত হোসেন চৌধুরী, মঘাদিয়ায় কামরুল আলম, খৈয়াছরায় গিয়াস উদ্দিন, মায়ানীতে নুর হোসেন, হাইতকান্দিতে আবু তাহের ও ওয়াহেদপুরে সালাহউদ্দিন দলীয় মনোনয়ন পেয়েছেন।
দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে ত্যাগী ও যোগ্য প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।