নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একজন করে প্রার্থী স্থানীয়ভাবে চূড়ান্ত করেছেন দল দুটির নেতা-কর্মীরা। এখন শুধু কেন্দ্রীয় কমিটির অনুমোদনের অপেক্ষা। তবে স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করার পর দলীয় নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে নতুন করে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রার্থী নির্ধারণের জন্য কেন্দ্র থেকে স্থানীয় সাংসদসহ সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়। গতকাল সোমবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মোহনগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী নির্ধারণের জন্য ওই কমিটির সব সদস্যের উপস্থিতিতে সভা হয়। এতে সর্বসম্মতিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফুর রহমান ওরফে রতনকে দলীয় সমর্থন দেওয়া হয়।
এদিকে ২৭ নভেম্বর বিকেল চারটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থী নির্ধারণের জন্য উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন সম্ভাব্য প্রার্থী দল থেকে মনোনয়ন চান। পরে সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সদস্য ও বর্তমান মেয়র মো. মাহবুবুন্নবী শেখকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়।
পৌরসভা নির্বচনে জাতীয় পার্টি থেকে মেয়র পদে কোনো প্রার্থী দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মোহনগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. আবদুর রহিম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল বলেন, আওয়ামী লীগ থেকে সমর্থন পেয়েছেন লতিফুর রহমান। স্থানীয় সাংসদসহ সাত সদস্যবিশিষ্ট কমিটির সভায় বিষয়টি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আ খ ম শফিকুল হক বলেন, ‘মেয়র পদে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থীর বিষয়টি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা পাওয়ার পরই পরবর্তী কার্যক্রম শুরু করব।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান বলেন, মেয়র পদে মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রাথমিকভাবে দল-সমর্থিত প্রার্থীর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন তা কেন্দ্রে পাঠানো হবে।