পাবনার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য একাধিক মেয়র প্রার্থীর মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই-প্রক্রিয়া শেষ হয়েও হচ্ছে না। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে একাধিক বৈঠক করেও গতকাল সোমবার বিকেল পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি দলটি। এদিকে সব ঠিকঠাক বললেও প্রার্থীদের নাম এখনো ঘোষণা করেনি বিএনপি।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নয় পৌরসভার মধ্যে প্রথম ধাপে সাতটিতে নির্বাচন হবে। পৌরসভাগুলো হলো পাবনা, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, সুজানগর ও ঈশ্বরদী। সীমানাসংক্রান্ত মামলার কারণে বেড়া ও গত বছরের নির্বাচনের মেয়াদ পূর্তি না হওয়ায় আটঘরিয়া পৌরসভার নির্বাচন হচ্ছে না।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছয়টি পৌরসভার মেয়র পদপ্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের নিয়ে একাধিক বৈঠক করেছেন। সর্বশেষ গত রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের বাড়িতে বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিটি পৌরসভার মনোনয়নপ্রত্যাশী তিন থেকে পাঁচজনের একটি তালিকা তৈরি করে দলীয় প্রধানের কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন দলীয় প্রধান চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বলেন, জেলার সাত পৌরসভার মধ্যে ঈশ্বরদী ও ফরিদপুরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত হয়েছে। অন্য পৌরসভাগুলোতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সব প্রক্রিয়াও প্রায় শেষ। যেকোনো সময় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
যোগাযোগ করা হলে বিএনপির একাধিক নেতা বলেন, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ শেষ হয়েও হচ্ছে না। এ পর্যন্ত ছয়টি পৌরসভায় প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে কিছু জটিলতার কারণে পাবনা সদর পৌরসভার প্রার্থী চূড়ান্ত হয়নি। এই পৌরসভায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে দুজনকে বাছাই করা হয়েছে। রাতের মধ্যে তাঁদের একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঠিক করা হবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে। কৌশলগত কারণে তা প্রকাশ করা হচ্ছে না। শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।