আ.লীগ ও বিএনপির প্রার্থীর কুশল বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভার আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আবুল খায়ের ও বিএনপির মেয়র পদপ্রার্থী শাহনাজ আক্তার কুশল বিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁরা কুশল বিনিময় করেন। এ সময় দুই দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বেলা সাড়ে তিনটার দিকে ওই কার্যালয়ের মাঠের মধ্যে আসেন। তখন বিএনপির প্রার্থী শাহনাজ আক্তার মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। পথে দুজনের দেখা হয়ে যায়। তখন তাঁরা কুশল বিনিময় করেন, শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সাংসদ আনোয়ারুল আজিম, জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম প্রমুখ।
দলীয় নেতা-কর্মীরা করতালির মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী খায়ের ও শাহনাজকে স্বাগত জানান। এতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবুল খায়ের ও শাহনাজ আক্তার প্রথম অালোকে বলেন, ‘আমরা ভোটারসহ সবার কাছে দোয়া চাই।’