আ.লীগ ও বিএনপির প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীর সমর্থনে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় নেতারা।

গতকাল বুধবার দুপুরে ছমদারপাড়া, ছিটুয়াপাড়া, রোজমরপাড়াসহ বিভিন্ন এলাকায় দলের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জোবায়েরকে নিয়ে প্রচারণা চালান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম।

গণসংযোগের শুরুতে ছমদরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পথসভায় আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদুর রহমান।

এদিকে গতকাল দুপুরে পৌরসভার ভোয়ালিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় দলের মেয়র পদপ্রার্থী রফিকুল আলমকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। প্রচারণার শেষ দিকে মধ্য ভোয়ালিয়াপাড়া এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিগ্‌ভ্রান্ত হয়ে পড়েছে। তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হাকিম মানিক।