আ.লীগ ও বিএনপির প্রার্থীরা স্বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া পৌর নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে গত রোববার আওয়ামী লীগ ও বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে মূল দলের দুই প্রার্থী স্বস্তি প্রকাশ করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় তথ্য গোপন, আয়-ব্যয়ের হিসাবে গরমিল, ভোটার নম্বর ভুলসহ নানা কারণে কচুয়া পৌর নির্বাচনে দুই মেয়র পদপ্রার্থীসহ সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব প্রানজল ও বিএনপির উপজেলা শাখার সদস্য এম এম সফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আওয়ামী লীগ-দলীয় সূত্রে জানা গেছে, দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় দলের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন স্বস্তির নিশ্বাস ফেলেছেন। ‘বিদ্রোহী’ প্রার্থী আহসান হাবীব উপজেলা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের পাঁচজন নেতা জানান, আহসান হাবীবের প্রার্থিতা বাতিল হওয়ায় দলীয় প্রার্থীর বিজয় অনেকটা নিশ্চিত।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী নাজমুল আলম স্বপন বলেন, দলের ১৩ জন নেতা দলীয় মনোনয়ন চেয়েছেন। সবাই দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন কিন্তু আহসান হাবীব সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয়েছিলেন।
বিএনপির পাঁচজন নেতা জানান, কচুয়ায় বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান মেয়র হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে আহ্বায়ক করায় মিলন অনুসারী ১১২ জন নেতা সম্প্রতি সংবাদ সম্মেলন করে তাঁকে প্রত্যাখ্যান করেছেন। বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী মিলন সমর্থিত প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থী হুমায়ুন কবির বলেন, ‘মিলনের অনুসারী দুজন আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। ভোটাররা ভোট দিতে পারলে এবারও আমি বিজয়ী হবো।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা অনোয়ার হোসেন বলেন, ‘আহসান হাবীব টিন সার্টিফিকেট জমা দেননি। তাঁর বিরুদ্ধে কচুয়া থানায় ১৫টি মামলা চলমান। কিন্তু হলফনামায় তিনি পাঁচটি মামলার তথ্য দিয়েছেন। এস এম সফিকুল ইসলাম ১০০ ভোটারের স্বাক্ষর নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমরা পাঁচজন ভোটারের তথ্য যাচাই করেছি। সেখানে একজনের স্বাক্ষর জাল প্রমাণ হয়েছে।’