আ.লীগ ও বিএনপির মেয়র প্রার্থী স্থানীয়ভাবে চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর বোয়ালমারী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. শাহজাহান মৃধা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। বোয়ালমারী সদরের ডাকবাংলোর মোড় থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ফরিদপুর বোয়ালমারী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. শাহজাহান মৃধা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। বোয়ালমারী সদরের ডাকবাংলোর মোড় থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর ও বরগুনায় পৌরসভা নির্বাচনে গতকাল রোববার পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করেছে। এ ছাড়া সাতক্ষীরায় জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টি প্রার্থী চূড়ান্ত করেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী বলেন, সদরে মেয়র পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়। এ ছাড়া কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ বলেন, সদরের জন্য জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে স্থানীয়ভাবে কলারোয়া পৌরসভায় প্রার্থীর নাম চূড়ান্ত না হওয়ায় পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি শরিফুজ্জামানের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বলেন, সদরে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন ও কলারোয়ায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনসুর আলীর নাম চূড়ান্ত করা হয়েছে। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সদরে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ফাহিমুল হকের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
বাগেরহাট: সদরে বর্তমান মেয়র খান হাবিবুর রহমান ও মোরেলগঞ্জে পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন তালুকদারের নাম চূড়ান্ত করা হয়েছে। মংলায় চারজনের নাম স্থানীয় নির্বাচক কমিটির সদস্যদের গোপন মতামতসহ কেন্দ্রে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া: সদরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম, মিরপুরে মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক, ভেড়ামারায় মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, কুমারখালীতে মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণ ও খোকসায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, পাঁচ পৌরসভার পাঁচজনের নাম ঢাকায় পাঠানো হয়েছে।
ফরিদপুর: বোয়ালমারী পৌরসভায় মেয়র ও পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুর শুকুর শেখ ও নগরকান্দায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমানের নাম চূড়ান্ত করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর: সদরে শহর কমিটির সভাপতি মারুফুল ইসলাম, মনিরামপুরে শহীদ ইকবাল হোসেন, কেশবপুরে আবদুস সামাদ বিশ্বাস, বাঘারপাড়ায় আবদুল হাই, নওয়াপাড়ায় রবিউল ইসলাম ও চৌগাছায় মো. আওলিয়ারের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।
বরগুনা: জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মোল্লা বলেন, সদরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, পাথরঘাটায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান খান ও বেতাগীতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিককে মেয়র প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে।