আ.লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের তালিকা কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের পাঁচটি পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে যাঁদের মনোনয়ন দেওয়া হবে তাঁরাই দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, দল থেকে যাঁদের নাম পাঠানো হয়েছে তাঁরা হলেন মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, মতলবে পৌর বিএনপির সদস্যসচিব ও বর্তমান মেয়র এনামুল হক, ফরিদগঞ্জে পৌর বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ ও বর্তমান মেয়র মঞ্জিল হোসেন, কচুয়ায় বর্তমান মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান এবং হাজীগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান খান ও বিএনপির সমর্থক হেলাল মজুমদার।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ বলেন, ছেংগারচর ও মতলবে প্রার্থী চূড়ান্ত হলেও অন্য পৌরসভায় তৃণমূল নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী একটি তালিকা করে কেন্দ্রে পাঠানো হয়েছে। দুই-এক দিনের মধ্যে তা অনুমোদিত হয়ে এলে ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রে যাঁদের নাম পাঠানো হয়েছে তাঁরা হচ্ছেন মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় বর্তমান মেয়র রফিকুল আলম, মতলবে সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম ও আওলাদ হোসেন, ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, কচুয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব প্রধান এবং হাজীগঞ্জ পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন ও সদস্য আহসান হাবীব।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূইয়া বলেন, ‘উপজেলা ও পৌর নেতাদের মতামতের ভিত্তিতে মেয়র প্রার্থীদের তালিকা করে কেন্দ্রে তা অনুমোদনের জন্য পাঠিয়েছি। তালিকায় ছেংগারচর ছাড়া অন্যান্য পৌরসভায় একাধিক প্রার্থী রয়েছেন। কেন্দ্রেই সিদ্ধান্ত নেওয়া হবে।’