আ.লীগ ও বিএনপির ১৩ চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ১৩ জন নেতা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। উভয় দলই একক প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কেউ কাউকে ছাড় দিতে চাইছেন না। একাধিক প্রার্থী থাকায় প্রার্থী বাছাই নিয়ে দুই দলই বিপাকে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা পরিষদ গঠনের পর প্রথম দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবদুল লতিফ বিজয়ী হন। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৯ সালে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলে খুব কম ব্যবধানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার জয়লাভ করেন। তাই এবারও আওয়ামী লীগ চাইছে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। অপর দিকে বিএনপি চাইছে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি পুনরুদ্ধার করতে।

বিএনপির নেতারা মনে করছেন, গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলার ভোটাররা ভোট দিতে পারেননি। সেই ক্ষোভ কাজে লাগিয়ে একক প্রার্থী দিলেই বিজয় লাভ করা যাবে। আর আওয়ামী লীগের নেতারা মনে করছেন, ধারাবাহিকতা বজায় রেখে এবারও মানুষ তাঁদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন। তবে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে প্রার্থী নিয়ে তেমন কোনো তোড়জোড় নেই। কারণ, এখানে আগে থেকেই প্রার্থী চূড়ান্ত করে রাখা হয়েছে। তিনি হলেন জাতীয় পার্টির (এরশাদ) ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ থেকে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, জেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান মো. ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সমবায়বিষয়ক সম্পাদক মো. আবদুল ওহাব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম ওরফে রাসেল, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ কবির, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য মজিবুর রহমান ওরফে ইয়াছিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহামঞ্চদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহামেঞ্চদ, যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম শিকদার, সহসভাপতি শওকত ইমরান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে সবাই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে কেন্দ্রীয়ভাবে একক প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। দুই দল থেকে কেউ ‘বিদ্রোহী প্রার্থী’ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম ওরফে বাবুল বলেন, যেভাবেই হোক উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে উপজেলা ও ওয়ার্ড কমিটির ভোট নিয়ে একক প্রার্থী নির্ধারণ করা হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ও টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খান বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা ও উপজেলার নির্বাহী কমিটির সদস্যদের বৈঠক রয়েছে। সেখানে একক প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত হবে।