মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পরও যশোরের ছয় পৌরসভার মেয়র পদে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। তাঁরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন। তবে তাঁদের বসাতে দল দুটির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘কেন্দ্র থেকে বলা হয়েছে বিদ্রোহীদের বসিয়ে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি। কোনো প্রার্থী আমাদের কথা না শুনলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, ছয়টি পৌরসভায় মেয়র প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর ব্যাপারে জেলা কমিটির নেতারা একমত হতে পারেননি। সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার পৃথক তালিকা পাঠান। পরে দলের কেন্দ্রীয় কমিটি সভাপতির তালিকা থেকে পাঁচজনকে ও সাধারণ সম্পাদকের তালিকা থেকে একজনকে দলীয় মনোনয়নের জন্য চূড়ান্ত
করে। এতে শাহিনের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে চারটিতে এবং শহিদুলের অনুসারী একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থী হন।
যশোর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম চাকলাদার। সেখানে সাবেক মেয়র এস এম কামরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের যিনি (জহিরুল ইসলাম) মনোনয়ন পেয়েছেন, তিনি বর্তমানে পৌরসভার বেনামি ঠিকাদার। তাঁর কাছে জনগণের সেবা পাওয়ার কোনো আশা নেই। দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দলের অনেকে বসে যেতে বলছেন, কিন্তু আমি সুস্থ থাকলে ভোট করবই।’
অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থী। এ পৌরসভায় আওয়ামী লীগের টিকিট পেয়েছেন সুশান্ত দাস। সেখানে ফারুক হোসেন দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন সাবেক মেয়র সরদার ওলিয়ার রহমান।
ফারুক হোসেন বলেন, ‘উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতা-কর্মীরা আমার সঙ্গে রয়েছেন। কিন্তু শুধু শাহিন চাকলাদারের তালিকায় নাম থাকায় আমি দলীয় মনোনয়ন পাইনি। দলের কেন্দ্র থেকে আমাকে ডেকেছিল। কিন্তু যাইনি। আমি ভোটের লড়াই শেষ করেই ফিরব।’
সরদার ওলিয়ার বলেন, ‘আমি আওয়ামী লীগের নিবেদিত কর্মী। কোনো গ্রুপিং-লবিংয়ের মধ্যে নেই। যে কারণে কারও তালিকায় আমি জায়গা পাইনি। তৃণমূলের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন। আমি বিজয়ী হবই।’
এখানে বিএনপির দলীয় প্রার্থী রবিউল হোসেন। ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম মশিয়ার রহমান। তিনি বলেন, পৌরসভার বর্তমান মেয়র রবিউল হোসেনের হাতে দলীয় প্রতীক মানায় না। কারণ, তিনি কখনোই দলীয় কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেননি।
চৌগাছায় আওয়ামী লীগের প্রার্থী নূর উদ্দিন আল-মামুন। সেখানে দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম সাইফুর রহমান। তিনি বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের দ্বন্দ্বের শিকার। যাঁকে দলীয় প্রার্থী করা হয়েছে, তিনি একজন ব্যবসায়ী। রাজনীতির সঙ্গে তাঁর কোনো যোগ নেই। মেয়র পদে নির্বাচনের জন্য আমি ১০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘গত রোববার কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে ডাকা হয়েছিল। আমাকে বসে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমি ভোটের মাঠে আছি।’
মনিরামপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী কাজী মাহমুদুল হাসান। সেখানে ‘বিদ্রোহী’ প্রার্থী জি এম মজিদ। নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘আমি শুধু দলকে দিয়েছি। বিনিময়ে কিছুই পাইনি। দলীয় মনোনয়ন না পেয়ে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করছি। ভোট গুনে ঘরে ফিরব।’
বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. কামরুজ্জামান। দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী খলিলুর রহমান বলেন, ‘তৃণমূলের খোঁজখবর না নিয়েই দলের প্রার্থী হিসেবে কামরুজ্জামানের নাম ঘোষণা করা হয়েছে। আমার বিশ্বাস, দুই দলের বাইরে ভোটাররা বিকল্প যোগ্য প্রার্থীকেই খুঁজে নেবেন।’
এই পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী আবদুল হাই। এ ছাড়া দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী আবু তাহের সিদ্দিকী। নিজেকে বেশ জনপ্রিয় দাবি করে আবু তাহের বলেন, ‘আমি ২৩ বছর ধরে ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এরপরও দলের তথাকথিত সিন্ডিকেটের নীলনকশার কারণে আমি দলীয় মনোনয়ন পাইনি।’ তিনি বলেন, ‘আমার জনপ্রিয়তা কতটুকু আছে, তা যাচাই করতেই আমি নির্বাচন করছি।’