চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শেফালী খাতুন ও দলের বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দার পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। সাংবাদিক সদরুল নিপুল হত্যাসহ এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজিতে পরস্পরকে জড়িয়ে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন তাঁরা।
দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গত কয়েক দিনের পাল্টাপাল্টি অভিযোগ ও বিষোদ্গার নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে বলে নির্বাচন-সংশ্লিষ্ট অনেকেই মনে করেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহও বলেন, এটা আচরণবিধির লঙ্ঘন। তবে কোনো পক্ষই তাঁর (রিটার্নিং কর্মকর্তা) কাছে লিখিত অভিযোগ করেনি।
এ ব্যাপারে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম বলেন, দুই প্রার্থীর কর্মকাণ্ড অবশ্যই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাঁদের এ বিষয়ে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।
২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত দফায় দফায় সংবাদ সম্মেলন ও স্থানীয় সংবাদপত্রে পাঠানো বিবৃতিতে দুই প্রার্থী পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করেন। গোলাম ফারুক বর্তমানে মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে সর্বশেষ নির্বাচনে জয়লাভ করেছিলেন। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন তিনি। অন্যদিকে, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালী খাতুন দলীয় মনোনয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই পক্ষেরই অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তাঁদের কর্মীদের প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন এবং সশস্ত্র মহড়া দিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
গোলাম ফারুক জোয়ার্দারের অভিযোগ, শেফালী খাতুন দৈনিক মাথাভাঙ্গার মোমিনপুর প্রতিনিধি সদরুল নিপুল হত্যার প্রধান আসামি বোয়ালমারী গ্রামের ক্যাপ্টেনসহ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নৌকার প্রচারকর্মীরা সশস্ত্র অবস্থায় ঘোড়া প্রতীকের প্রচারকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। এমনকি ঘোড়া প্রতীকের কর্মীদের হাতে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করার হুমকি দেওয়ায় প্রচারে বিঘ্ন ঘটছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
শেফালী খাতুন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। শেফালীর দাবি, গোলাম ফারুক এলাকার সন্ত্রাসসহ সব অপকর্মের হোতা। তাঁর ইঙ্গিতেই সাংবাদিক সদরুল নিপুলকে হত্যা করা হয়। প্রকৃত খুনিদের রক্ষা ও নিরীহ লোকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির পেছনেও গোলাম ফারুকের হাত রয়েছে। শেফালী দাবি করেন, গোলাম ফারুক নিজেই দুই ডজন মামলার আসামি। ইউপি নির্বাচন সামনে রেখে তিনি নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের নানা প্রলোভন দেখিয়ে তাঁর পক্ষে ভেড়াতে ব্যর্থ হয়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগসহ হত্যার হুমকি-ধমকি দিচ্ছেন।
এদিকে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর বাগ্যুদ্ধে সাধারণ নেতা-কর্মীরা বিপাকে পড়েছেন। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দুই প্রার্থীর অনেক প্রচারকর্মী ইতিমধ্যে সরাসরি প্রচার-প্রচারণা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। সাধারণ ভোটাররাও নির্বাচন নিয়ে ওই ইউনিয়নে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন।