আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল রোববার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের ও বিদ্রোহী প্রার্থী আবদুল হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় গতকাল বেলা একটায় দুই প্রার্থীর সমর্থকদের গণসংযোগ চলছিল। একপর্যায়ে ইউপি কার্যালয়ের সামনের বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তাহের ও বিদ্রোহী প্রার্থী রিয়াদ হোসেন ওরফে আবদুল হান্নানের সমর্থকেরা পাশাপাশি প্রচারণা চালাতে থাকে। এ সময় উভয় প্রার্থীর সমর্থকদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
রিয়াদ হোসেন বলেন, ‘গতকাল কাটাখালী এলাকায় আনারস প্রতীকের পক্ষে প্রচারণার সময় তাহের পক্ষের লোকেরা হামলা চালায়। দুপুরে আমার সমর্থকদের কয়েকটি দোকান ও নির্বাচনী কার্যালয়ের আসবাবপত্রসহ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবি ভাঙচুর করে।’ আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী আবু তাহের বলেন, তাঁর সমর্থকদের ওপর অতর্কিত হামলা করেছে রিয়াজের সমর্থকেরা।