আ.লীগ ও বিদ্রোহীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা
নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল রোববার পৌরসভার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. শাহেদ (২৮), মো. বাহার (৪২) ও মনিরুল ইসলাম (৩২)। তাঁরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম ইউছুফ আলীর সমর্থক। আহত তিনজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইকবাল আনছারী জানান, তিনজনের শরীরে ধারালো অস্ত্র ও লাঠির আঘাত রয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী ইউছুফ আলী বলেন, গতকাল বেলা ১১টার দিকে বিদ্রোহী প্রার্থী ছাইফ উদ্দিন আহমদের কর্মী-সমর্থকেরা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চৌমুহনী বাজারে মহড়া দেন। তাঁরা এ সময় অতর্কিতে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। তিন কর্মীকে কুপিয়ে আহত করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাইফ উদ্দিন আহমদের কর্মীরা পাল্টা হামলা চালিয়ে মাঈন উদ্দিন ও জহির উদ্দিন নামে বিদ্রোহী প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে আহত করেন।
তবে বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ ছাইফ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ইউছুফ আলীর লোকেরাই তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
জানতে চাইলে হাতিয়া থানার ওসি মো. নুরুল হুদা মুঠোফোনে বলেন, বিদ্রোহী প্রার্থীর লোকজন নয়, বিএনপি-জামায়াতের লোকজন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পাননি। চৌমুহনী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।