আ.লীগ ও যুবলীগ নেতার খুনিদের শাস্তির দাবি
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তাঁর ভাই যুবলীগ নেতা মনির হোসেন মুন্সির হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে ওই সমাবেশ হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক আলী সিকদার বলেন, হাবিবুর রহমান ও মনির হোসেনের হত্যার বিচার দীর্ঘায়িত হওয়ায় আসামিরা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটা প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষ আওয়ামী লীগ করতে উৎসাহ হারাবে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ২০০১ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোবারক আলী সিকদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী হেমায়েত উল্লাহ আওরঙ্গ। নির্বাচনের দিন কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রগুলোতে ৭ অক্টোবর পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়ে ৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাবিবুর রহমানের বাসভবনে আওয়ামী লীগের একটি সভা চলছিল। বিকেলে ওই সভায় সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় হাবিবুর রহমান ও তাঁর ভাই সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুন্সি ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।