লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মনু মিয়া হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। গত সোমবার আওয়ামী লীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করেন, মামলার প্রধান আসামি মঞ্জুর হোসেন গত ১৩ মার্চ রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে মনু মিয়ার মাথায় আঘাত করেন। অন্য আসামিরাও তাঁকে কোপান। এতে মনু মিয়া মারা যান। এ ঘটনায় মনু মিয়ার ভাগনে মো. নাদিম বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রায়পুর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মঞ্জুর হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়।
মনু মিয়া হত্যা মামলার অপর নয়জন আসামি হলেন আওয়ামী লীগের কর্মী লিটন কেরানী, আনোয়ার বয়াতি, জসিম বয়াতি, আক্তার হোসেন, যুবলীগ কর্মী মো. বাছেদ, মনির হোসেন, সাফু বেপারী, ফয়সাল ঢালী ও মো. ফারুক।
বাদী নাদিম বলেন, প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। এ কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, ‘মনু মিয়া হত্যা মামলার আসামিরা আওয়ামী লীগের কোনো নেতার আশ্রয়-প্রশ্রয়ে নেই।’
যুবলীগের নেতা মঞ্জুর হোসেন বলেন, ‘মনু মিয়া হত্যার সঙ্গে আমি জড়িত নই।’