আওয়ামী লীগের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর সমন্বয় নেই। আওয়ামী লীগ কালেভদ্রেও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে কোনো বৈঠক করে না। ফলে মূল দলের সঙ্গে অনেকটা সম্পর্কহীন হয়ে পড়েছে সহযোগী সংগঠনগুলো। এই অভিযোগ করেছেন সহযোগী সংগঠনগুলোর নেতারা।গতকাল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠকে এ অভিযোগ করা হয় বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সহযোগী সংগঠনগুলোর একাধিক নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের আলোচনা সভায় ভাসমান লোকের প্রভাব বেশি। যাদের দলের কেউ চেনে না। এদের কর্মকাণ্ডে দলের বদনাম হচ্ছে।বৈঠকে যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার বলেছেন, সহযোগী সংগঠনগুলোকে দিকনির্দেশনা দেওয়ার জন্য আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যায় না। সহযোগী সংগঠনকে তাঁরা এড়িয়ে চলেন।একই সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চাকরি দেওয়া হয় না। মন্ত্রীরা এড়িয়ে চলেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। সহযোগী সংগঠনের নেতারা আওয়ামী লীগের সঙ্গে সহযোগী সংগঠনের সমন্বয়ের প্রস্তাব করেন। তাঁরা মাঝেমধ্যে সহযোগী সংগঠনগুলোকে নিয়ে বৈঠক করারও দাবি জানান। সপ্তাহব্যাপী আলোচনা সভা: সূত্র জানায়, গতকালের বৈঠকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সপ্তাহব্যাপী আলোচনা সভা করার কর্মসূচি নিয়েছে। ২২ মার্চ থেকে আলোচনা সভা শুরু হয়ে ৩১ মার্চ তা শেষ হবে। তবে ২৬ ও ২৭ মার্চ আওয়ামী লীগের কর্মসূচি থাকায় ওই দুই দিন সহযোগী সংগঠনের কোনো কর্মসূচি থাকবে না। বৈঠকে সহযোগী সংগঠনগুলোর মধ্যে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতীলীগ ও যুব মহিলা লীগের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে শ্রমিক লীগ এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে উপস্থিত ছিলেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলীয় নেতাদের মধ্যে ছিলেন নূহ উল আলম লেনিন, আবদুল মতিন খসরু, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, সুজিৎ রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।