জামালপুরের সরিষাবাড়ীতে ১৪ অক্টোবর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার রাতে মামলা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২২ জন নেতা-কর্মীকে আসামি করে সরিষাবাড়ী থানায় এই মামলা করেছেন স্থানীয় যুবলীগের কর্মী হারুন মিয়া।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদল, যুগ্ম সম্পাদক মিয়ার উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল হাকিম, প্রচার সম্পাদক সুমের আলী, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মজনু মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবদুস সামাদ।মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. বাশার মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।১৪ অক্টোবর অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির জন্য তালিকা তৈরি নিয়ে আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিনের সঙ্গে স্থানীয় সাংসদের প্রতিনিধি রফিকুল ইসলামের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়।