কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান ও ‘বিদ্রোহী’ প্রার্থী মো. ইমাম হোসেন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে পাঁচটায় চৌদ্দগ্রাম বাজারে গণসংযোগ ও মিছিল করছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমানের অনুসারীরা। তাঁরা চৌদ্দগ্রাম পুরাতন সড়কের পূর্ব পাশে অবস্থান নিয়েছিলেন। একই সময় বাজারের পশ্চিম পাশে অবস্থান নেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারীর অনুসারীরা। মিজানের কয়েকজন অনুসারী মোটরসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সে সময় দুই প্রার্থীর অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মিজানের চারজন অনুসারী আহত হন। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘ইমামের অনুসারী জামায়াত-শিবিরের কর্মীরা আমার কর্মীদের মিছিলে হামলা করে। চৌদ্দগ্রামে জামায়াত ও বিএনপির কোনো মেয়র প্রার্থী না থাকায় তাঁরা ইমামের দলে ঢুকে ওই কাজ করেছে। আমি ঢাকায় আছি।’
অভিযোগ প্রসঙ্গে ইমাম হোসেন পাটোয়ারী বলেন,‘ দুই পক্ষের মিছিল থেকে তর্ক হয়। পরে ঝামেলা হয়েছে। এর বেশি কিছু না। আমি জামায়াত-শিবিরকে প্রশ্রয় দেই না।’
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া বলেন,‘ আমরা দুই মেয়র প্রার্থীকে নিয়ে ঢাকায় বসেছি। চৌদ্দগ্রামে ঝামেলা হয়েছে বলে শুনেছি। ’
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বলেন,‘ দুই পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’