আ.লীগ কথা দিয়ে কথা রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল, অবস্থার চাপে বাধ্যবাধকতার অজুহাতে তারা নির্বাচন করছে। নির্বাচনের পর তারা সংলাপ করবে, কথাবার্তা বলবে, গ্রহণযোগ্য নির্বাচন করবে। কিন্তু আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি।
ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ পৌর কমিউনিটি সেন্টারে গতকাল রোববার সন্ধ্যায় জেলা গণফোরাম আয়োজিত ‘কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এ কথা বলেন।
গণফোরামের সভাপতি বলেন, ‘দেশের ৯০ শতাংশ লোক বলছে এ নির্বাচন হয়নি। ৫ জানুয়ারির নির্বাচনকে আদালত মেনে নিলেও জনগণ এ নির্বাচনের প্রতিনিধিদের মানতে বাধ্য নয়।’
তিনি আরও বলেন, কোনো প্রকার আলাপ-আলোচনা না করেই ষোড়শ সংশোধনী করা হলো। এ সংশোধনী মানা হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। আগে বিচারক নিয়োগের আইন, বিচারকদের অপসারণের আগে সুষ্ঠু তদন্তের আইন করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, ‘আমাকে বলা হচ্ছে, আমি বিএনপির হয়ে কথা বলছি। কিন্তু আমি বিএনপির হয়ে নই, সচেতন নাগরিক হিসেবে কথা বলছি। বিএনপির বিরুদ্ধে আমি আন্দোলন করেছি, ইয়াজউদ্দিনের বিরুদ্ধে আইনি লড়াই করতে গিয়ে দেশদ্রোহীর মামলা খেয়েছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংবিধান ভাঙতে হবে, এ শিক্ষা বঙ্গবন্ধু দিয়ে যাননি। তিনি আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নীতি-আদর্শ দিয়ে গেছেন।’
জেলা গণফোরামের সভাপতি তারিক উর রউফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, সহসভাপতি জগলুল হায়দার প্রমুখ। স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি সফিকুর রহমান, গণফোরামের সদর উপজেলা সভাপতি আবদুল হক, কসবা উপজেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।