আ.লীগ কর্মী ও ব্যবসায়ী খুন
পাবনার ঈশ্বরদীতে গতকাল শুক্রবার মজিবর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নওগাঁর আত্রাইয়ে পুলক সরকার (৪২) নামের এক আওয়ামী লীগের কর্মীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের একটি আখখেত থেকে ঈশ্বরদী থানার পুলিশ মজিবর রহমানের লাশ উদ্ধার করে। তিনি একই গ্রামের মৃত জালিম উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গ্রামের ভটভটির চালক শামসুল হকের স্ত্রী শিল্পী খাতুনকে (৪০) আটক করেছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।নওগাঁর আত্রাইয়ে নিহত পুলক সরকারের বড় ভাই রতন সরকার জানান, পুলক আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে দলের বিশা ইউনিয়নের যুগ্ম সম্পাদক আজিজুর রহমানের সঙ্গী ছিলেন। আজিজুর রহমান, ইব্রাহীমসহ কয়েকজন মাতবর গ্রামে সালিসের নামে টাকা নেওয়া, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া, টাকার বিনিময়ে ভিজিএফ কার্ড বিতরণসহ বিভিন্ন কাজ করতেন। এসবের প্রতিবাদ করায় পুলককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ইসলামগাতী বাজারে আজিজুর ও ইব্রাহিমের সঙ্গে পুলকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের নেতৃত্বে ১০-১২ জন লোক লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করেন। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।