আ.লীগ কর্মীর পায়ের রগ কর্তন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে মানিক আলী (৩৮) নামের আওয়ামী লীগের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার উপজেলার মিলিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে। মানিক কানসাট জহরপুর গ্রামের বাহার আলীর ছেলে।
এদিকে গত বুধবার দিবাগত রাতে নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডোমার-বামুনিয়া সড়কের দই খাওয়া সেতুর কাছে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে মিলিকমোড় থেকে কানসাট বাজারে যাওয়ার সময় দুর্বৃত্তরা মানিকের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই পায়ের রগ কেটে দেয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশঙ্কাজনক হওয়ায় পরে মানিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী গ্রামের মহির উদ্দিনের ছেলে নিহত জালাল উদ্দিনের শ্যালক রফিকুল ইসলাম বলেন, একটি বিবাহসংক্রান্ত বিষয়ে তিনি ও তাঁর দুলাভাই জালাল উদ্দিন এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব রহমান মোটরসাইকেলে করে নীলফামারী সদরের চওড়া লতিবাড়ি কাঞ্চনপাড়া গ্রামে যান। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে তাঁরা বাড়ি ফিরছিলেন। দই খাওয়া সেতুর কাছে পৌঁছালে ১২-১৩ জন মুখোশধারী দৃষ্কৃতকারী তাঁদের গতি রোধ করে সবাইকে পৃথকভাবে গাছের সঙ্গে বেঁধে ফেলে।
এ সময় জালাল তাদের একজনকে চিনে ফেললে তারা তাঁকে পিটিয়ে এবং বাঁশের লাঠি দিয়ে খুঁচিয়ে হত্যা করে মোটরসাইকেল ও তাঁদের কাছে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
লাশ উদ্ধার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা ত্রিমোহনী এলাকার নদীর চর থেকে আবদুস সাদেক (৪০) নামের এক ব্যক্তির লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। সাদেক কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের শেখ এলাই বকসের ছেলে।