আ.লীগ কর্মীর বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালীজানা গ্রুপ জলমহাল দখল করে স্থানীয় এক আওয়ামী লীগের কর্মী তাঁর লোকজন দিয়ে সেখান থেকে মৎস্য শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার এলাকাবাসীর পক্ষে শাহজাহান কবীর নামের এক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলমহালটি বাংলা ১৪১৫ সন থেকে তিন বছরের জন্য ধরমপাশার উত্তরবীর গ্রামের দোয়েল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে মো. মিঠু মিয়াকে ইজারা দেয় জেলা প্রশাসন। কিন্তু এই ইজারার বিরুদ্ধে একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান আদালতে মামলা করলে আদালত এই ইজারাকে অবৈধ বলে রায় দেন। এরপর গত ১০ ফেব্রুয়ারি ইজারা বাতিল-সংক্রান্ত চিঠি জেলা প্রশাসন থেকে মিঠু মিয়ার কাছে পাঠানো হয়। এলাকাবাসীর অভিযোগ, ইজারা বাতিলের খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের আওয়ামী লীগের কর্মী ইয়ার খান তাঁর লোকজন দিয়ে এটি দখল করে মৎস্য আহরণ করছেন। আওয়ামী লীগের কর্মী ইয়ার খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো রকম দলীয় প্রভাব খাটাইনি। আমি ইসলামপুর মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধি। জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি আমাদের অনুকূলে জলমহালটি ইজারা দেওয়ার সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান খান বলেন, প্রশাসনের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের কিছুই করার নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিঞা বলেন, ‘কে বা কারা জলমহাল থেকে মাছ ধরছে সে বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই।’সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান বলেন, ‘আমার কাছে তো অনেক ধরনের অভিযোগ আসে। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। কেউ অবৈধভাবে ওই জলমহাল থেকে মাছ ধরলে খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’