আ.লীগ কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার ঘের দখল করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মী এক বিএনপি নেতার চিংড়িঘের রোববার দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে আওয়ামী লীগের ওই কর্মী মারধরের অভিযোগে বিএনপির ওই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মংলার চাঁদপাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি সালাম হাওলাদার (৫৫) দীর্ঘদিন ধরে দক্ষিণ চাঁদপাই এলাকায় তাঁর পৈতৃক ১২ বিঘা জমিতে বাগদা চিংড়ির চাষ করছেন। একই এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সোবাহান হাওলাদার (৫০) উপজেলা নির্বাচনের পর দলীয় প্রভাব খাটিয়ে সালামের চিংড়িঘেরটি দখল করে নেন। চলতি বছর আইনি সহায়তার মাধ্যমে সালাম ঘেরটি পুনরায় বুঝে পান। ঘেরটি বুঝে পাওয়ার মাত্র তিন মাসের মাথায় সোবাহান আবারও ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে গত রোববার বিকেলে পুনরায় ঘেরটি দখল করে নেন।সোবাহান বলেন, ‘সালামের চিংড়িঘের আমি দখল করিনি। তারাই আমাকে ও আমার ছেলেকে মেরেছে। এ জন্য আমি মামলা করেছি।’ মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।