আ.লীগ কাউন্সিলর পদে একক প্রার্থী মনোনয়ন দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে দলীয়ভাবে একক কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। ২১ ফেব্রুয়ারির পর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর ১৫টি নির্বাচনী এলাকায় আলাদা বৈঠক করে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হবে। ২২ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় কাউন্সিলর মনোনয়নের কর্মপরিকল্পনা নেওয়া হবে। গতকাল রোববার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী মাসে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কমিশনের প্রস্তুতি আছে। চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে প্রথম আলোকে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। সীমানাসংক্রান্ত একটি মামলা থাকলেও এতে নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না বলে কমিশনের কর্মকর্তারা মনে করছেন। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সম্প্রতি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক জটিলতা নিরসন করা হয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী এবং কামরুল ইসলাম যথাক্রমে সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় এত দিন সাংগঠনিক জটিলতা ছিল।সূত্র জানায়, মেয়র পদে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ভালো প্রার্থীর সংকট থাকায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে সাংসদদের বাইরে থেকে মেয়র মনোনয়ন দিতে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বিবেচনায় সাংসদদের মধ্য থেকেও মনোনয়ন দেওয়া হতে পারে বলে জানা গেছে। এ ক্ষেত্রে ভোটারদের কাছে সংশ্লিষ্ট প্রার্থীর গ্রহণযোগ্যতা ও সম্ভাব্যতাকেই প্রাধান্য দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, মেয়র প্রার্থী হিসেবে অনেকেই আগ্রহ প্রকাশ করলেও এ কে এম রহমতউল্লাহ, ফজলে নূর তাপস, সাবের হোসেন চৌধুরীর নাম বেশি শোনা যাচ্ছে।এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ঢাকার মেয়র পদে প্রার্থী মনোনয়ন নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। এর মধ্যে তফসিল ঘোষণা হলে খুব দ্রুততার সঙ্গে মনোনয়ন চূড়ান্ত হবে। এদিকে ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে। ওই সভার আলোকে ২২ ফেব্রুয়ারির কার্যনির্বাহী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত হবে।