আ.লীগ কার্যালয় ভাঙচুর, গ্রেপ্তার ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার হরতাল চলাকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মামলায় স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৯।নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্নু মাতুব্বর বাদী হয়ে ভাঙচুরের ঘটনায় ১৭৩ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার আসামি বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ওরফে লুলুকে গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।হাবিবুর রহমানের ভাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আতমা হালিম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগারদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হিসেবে আমার ভাইকে এ মামলার আসামি করা হয়েছে।’ মামলার বাদী মুন্নু মাতুব্বর বলেন, ‘কারে কারে আসামি করা হইছে তা থানার গিয়া জাইনা নেন।’তবে নগরকান্দা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান সর্দারের মতে, মামলার বাদী পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি নিশ্চয়ই জেনেশুনে ও বুঝে হাবিবুর রহমানকে আসামি করেছেন।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস জানান, মামলায় হাবিবুর রহমানের নাম থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।