আ.লীগ কার্যালয়সহ ছয়টি দোকানে অগ্নিকাণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয় পুড়ে গেছে।
একই রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপপাত বাজারে একটি পাটের দোকানে আগুন লেগে প্রায় ২০০ মণ পাট পুড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে বেতমোর বাজারের শাহজাহান মিয়া ও মিলন অধিকারীর মুদির দোকানে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। আগুনে পাশের আরও তিনটি দোকান এবং বেতমোর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের একাংশ পুড়ে যায়। এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রাত সোয়া ১১টার দিকে বোয়ালমারীর রূপপাত বাজারের ইদ্রিস ফকিরের পাটের দোকানে আগুন লাগে। পরে বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিক জানান, আগুনে ২০০ মণ পাটসহ টিনের দোকানটি পুড়ে গেছে।