আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ প্রতিবাদে মহাসড়ক অবরোধ
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় রোববার ভোররাতে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল রোববার সকালে দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই কার্যালয়ে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে কার্যালয়ের টিনের একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।ঘটনার জন্য বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল শিকদারকান্দি এলাকায় টায়ার জ্বালিয়ে সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মাদবর বলেন, ‘নির্বাচন সামনে রেখে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির নেতা-কর্মীরা আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে।’উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী রাজ্জাক মোল্লার বিজয় নিশ্চিত জেনে তারা নিজেদের কার্যালয়ে নিজেরা আগুন দিয়ে এখন আমাদের ফাঁসাতে চাইছে।’এদিকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নূরুদ্দীন বেপারির কান্দি এলাকায় সুজন মোল্লা (২৫) ও পনির শিকদার (২৭) নামের দুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।