আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের হামলা
পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাব ভাঙচুর এবং দলটির তিন নেতাকে লাঞ্ছিত করা হয়েছে। দলীয় কোন্দলের জের ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে দুমকি থানার ব্রিজসংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর এবং শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও দুমকি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কবির মৃধাকে লাঞ্ছিত করেন।
আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন হাওলাদার জানান, কয়েক দিন আগে দুমকি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এই ঘটনায় মামলার আসামিদের পক্ষ নিয়ে গতকাল কতিপয় সন্ত্রাসী নিজেদের ছাত্রলীগের কর্মী দাবি করে তাঁদের কার্যালয়ে এসে চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এই সময় তারা শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা ও কবির মৃধাকে লাঞ্ছিত করে।
এই ঘটনায় তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সোহাগসহ ২৫ জনের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ছাত্রলীগের নেতা আনিসুজ্জামান সোহাগ দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগ অস্বীকার করেছেন।