আ.লীগ কার্যালয়ে বোমা হামলার বিচার এক যুগেও হয়নি
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনার ১২ বছর পূর্ণ হলো আজ। আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন, নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিরা ঘটনাস্থলে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে আজ পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করবে।২০০১ সালের ১৬ জুন রাত পৌনে নয়টার দিকে নগরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে তৎকালীন সাংসদ শামীম ওসমানের গণসাক্ষাৎ কর্মসূচি চলাকালে ওই হামলায় চারজন নারীসহ ২০ জন প্রাণ হারান। আহত হন শামীম ওসমানসহ দলের অর্ধশতাধিক নেতা-কর্মী। হামলার পরদিন শহর আওয়ামী লীগের নেতা খোকন সাহা বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারসহ ২৭ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেন। চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ২৭ জানুয়ারি তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আতিকুর রহমান মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন। হামলায় নিহত হালিমা বেগমের ছেলে আবুল কালাম পরে শামীম ওসমানসহ ৩২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ২০০৪ সালের ১৩ এপ্রিল মামলাটি উচ্চ আদালত বাতিল করেন এবং প্রথম মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন।গত ২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসান উদ্দিন চৌধুরী জানান, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাৎ উল্লাহ, চাষাঢ়ার বাসিন্দা ওবায়দুল হক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাশেম ওরফে শকু, ভারতে আটক হুজি নেতা দুই ভাই আনিসুল মোরছালীন ও মাহবুব মুত্তাকিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে চারজন জামিনে এবং দুজন ভারতের কারাগারে আছেন। ওই হামলায় নিহত হন নগরের চাষাঢ়ার আক্তার হোসেন ও তাঁর ভাই মোশারফ হোসেন ওরফে মশু।আক্তার হোসেনের স্ত্রী সাহানা আক্তার বলেন, ১২ বছরেও ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হয়নি। ‘আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ খোকন সাহা বলেন, ‘সিআইডি যে অভিযোগপত্র দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ১৮ জুন মামলার শুনানির দিন বিচারের জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আবেদন জানাব।’