আ.লীগ কার্যালয়ে সংবাদ সংগ্রহে ডেইলি স্টারকে বাধা
সরকারি দল আওয়ামী লীগের কার্যালয়ে খবর সংগ্রহে শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে বাধা দেওয়া হচ্ছে। উন্মুক্ত অনুষ্ঠান ছাড়া ওই পত্রিকাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এমনকি প্রতিবেদককেও অনুষ্ঠানস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ডেইলি স্টার বলেছে, কোনো কারণ ছাড়াই এটা করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে এর কারণ সম্পর্কে দলের নেতারা কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
গত বুধবার ডেইলি স্টার-এর একজন প্রতিবেদককে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। দলের একটি সভার খবর সংগ্রহ করতে গেলে ওই কার্যালয়ের একজন নিরাপত্তাকর্মী প্রতিবেদকের পরিচয় জানতে চান। ডেইলি স্টার-এর পরিচয় দেওয়ার পর তাঁকে ওই কার্যালয় থেকে চলে যেতে বলা হয়।
গতকাল একই কার্যালয়ে আওয়ামী লীগের সংবাদ ব্রিফিংয়ে ডেইলি স্টার ছাড়া অন্যান্য পত্রিকাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সংবাদকর্মীদের কাছে পরিচয় জানতে চান দলীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ডেইলি স্টার-এর কেউ আছেন কি না, তা নিশ্চিত হতেই পরিচয় জানতে চাওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর নিশ্চয়ই কারণ আছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।