আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের ৬৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম (২০) ও ৪২ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন (২৫) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুরান ঢাকা থেকে মিছিল নিয়ে আসা সাংসদ মিজানুর রহমান খান দিপু ঢাকা-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় একই আসনের মনোনয়নপ্রত্যাশী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি তাঁর সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে মনোনয়নপত্র সংগ্রহ করছিলেন। মিজানুর রহমানের সমর্থকেরা মহিউদ্দিনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মহিউদ্দিন।
মতিঝিলের বিভাগীয় পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, সাদ্দামের ডান হাত এবং রাকিবুলের শরীরে ককটেলের স্প্লিন্টারের আঘাত লেগেছে।