আ.লীগ কোনো প্রহসনের নির্বাচন করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন পছন্দ করে না এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রহসনের নির্বাচন করবে না। গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের চার লেন কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের বর্তমান ক্ষমতার প্রায় পাঁচ বছর হতে চলেছে। এই পাঁচ বছরে জাতীয় সংসদের বেশ কয়েকটি আসনে উপনির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনসহ অনেকগুলো নির্বাচন হয়েছে। কিন্তু একটি নির্বাচনও প্রহসনমূলক হয়েছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না। সরকারের নাম কী হবে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নির্বাচন নিরপেক্ষ হবে। সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন কোরবানির ঈদে দেশের সড়ক-মহাসড়কে কোনো পশুর হাট না বসানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্পের কাজের অগ্রগতি দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন ভালুকার সাংসদ এম আমান উল্লাহ, চার লেন প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক প্রমুখ।