আ.লীগ কোরআন সুন্নাহবিরোধী আইন করবে না: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো কোরআন-সুন্নাহবিরোধী আইন করবে না। যাঁরা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে বিপথে নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনকালে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দীপু মনি বলেন, নারীর নিরাপত্তা, কাজের সুবিধা ও নারী-পুরুষের সম-অধিকারের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর আগে ১৯৯৭ সালে নারীনীতি হয়। এতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩৩ শতাংশ সংরক্ষিত সদস্যপদে নির্বাচন করতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। বিরোধীদলীয় নেতাদের নেতিবাচক মন্তব্য প্রত্যাখ্যান করে দীপু মনি বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে সমালোচনা করা উচিত নয়। রাজনীতিবিদদের সত্যি কথা বলার কথা। কিন্তু কেউ কেউ তা বলেন না। বিরোধীদলীয় নেত্রী বলেছেন, বছরের ছয়টি মাস চলে গেলেও অনেক শিক্ষার্থী এখনো বই পায়নি। অথচ বছরের মাত্র চার মাস পার হয়েছে। আর জানুয়ারির মধ্যে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।’উদ্বোধন অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শাহজাহান মিজি, থানা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান, জেলা যুবলীগের সহসভাপতি হান্নান সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী প্রমুখ। পরে দীপু মনি শহরের বালুর মাঠে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কাজ পরিদর্শন করেন।