আ.লীগ ক্যাডার কর্তৃক অস্ত্র মামলার আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে শুক্রবার রাতে পুলিশের ওপর হামলা করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। ওই সময় পুলিশের কাছ থেকে তারা র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলার এক আসামিকে হাতকড়াসহ (হ্যান্ডকাপ) ছিনিয়ে নিয়েছে। হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।পুলিশ ওই ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছে। তবে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই করার মূল হোতা বলে এলাকাবাসীর চিহ্নিত আওয়ামী লীগের নেতা আনোয়ার মিয়াকে পুলিশ মামলায় অভিযুক্ত করেনি বলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় আহত ব্যক্তিরা হলেন পুলিশের উপপরিদর্শক মনোজ কান্তি দাশ, কনস্টেবল আতাউর রহমান, সত্যজিৎ দাশ ও আবদুর রহিম। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই করার ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার গোপাল চক্রবর্তী।পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানায় দায়ের করার র‌্যাব-৯-এর এসআই আবদুল হাকিমের দায়ের করা একটি অস্ত্র মামলার আসামি উপজেলার বরুনী গ্রামের তবরিছ আলীকে গোপন সংবাদের ভিত্তিতে পীরেরবাজার থেকে আটক করে। তবরিছ আলীকে আটক করে হাতকড়া পরিয়ে অটোরিকশায় তুলে আনার সময় তবরিছ আলীর ছেলেরা একটি সংঘবদ্ধ দল নিয়ে পুলিশের ওপর হামলা করে। তাদের হামলায় কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই সময় হামলাকারীরা হাতকড়া পরিহিত অবস্থায় আটক করা তবরিছ আলীকে ছিনিয়ে নিয়ে যায়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তবরিছ আলী পুলিশের হাতে আটকের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা আনোয়ার আলী ও তাঁর (তবরিছ) ছেলেদের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে অস্ত্র মামলার আসামি তবরিছ আলীকে ছিনিয়ে নিয়ে গেছে।আওয়ামী লীগের নেতা আনোয়ার মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি নামাজ থেকে বের হয়ে শুনতে পাই ডাকাতেরা একজন সাধারণ ব্যক্তিকে তুলে নিয়ে যাচ্ছে। আর সে জন্য এলাকাবাসী তাদের ঘিরে রেখেছে।’বিশ্বনাথ থানার পরিদর্শক (প্রশাসন) আবুল কালাম আজাদ পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। যাদের পরিচয় পাওয়া গেছে এজাহারে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য জড়িত ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা হবে।