প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে বিনিয়োগ ও রপ্তানি আয় বাড়ে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের নুরুল মজিদ হুমায়ুনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে তিনি সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিএনপি গতকালও সংসদে যোগ দেয়নি।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে রপ্তানি আয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গত বছরের তুলনায় এবার রপ্তানি আয় ৪১ শতাংশ বেড়েছে। রপ্তানিকারকদের সতর্কভাবে রপ্তানিপণ্য পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট যাতে না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই যাতে কম্পিউটার শিক্ষা চালু করা যায়, সে জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানেই সরকার কম্পিউটার দেওয়ার উদ্যোগ নিয়েছে। যেখানে বিদ্যুৎ যায়নি সেখানে সোলারের মাধ্যমে কম্পিউটার শিক্ষা দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশেই ল্যাপটপ তৈরি হচ্ছে। ১২ থেকে ২০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ মানুষের হাতে দেওয়া যাবে।সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গভীর সমুদ্রবন্দর স্থাপনের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।যানজট নিরসনে ঢাকার সঙ্গে কমিউটার ট্রেন: সরকারি দলের ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যানজট নিরসনে রাজধানী ঢাকাকেন্দ্রিক পাঁচটি পথে কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা করেছে সরকার। নতুন আনা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর পথে আধুনিক কমিউটার ট্রেন চালু হবে।অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা রাজধানীকে যানজটমুক্ত করতে সরকারের নেওয়া ৪৮টি পদক্ষেপ সম্পর্কে সংসদকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) তত্ত্বাবধানে ঢাকা মহানগরের জন্য ২০ বছর মেয়াদি পরিবহন পরিকল্পনা প্রণয়ন, পাঁচটি ফ্লাইওভার ও ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রভৃতি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের নয়টি সম্ভাব্য স্থানের মধ্যে সোনাদিয়া দ্বীপকে গভীর সমুদ্রবন্দরের জন্য নির্বাচন করা হয়েছে। ১৭টি স্থল শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়েছে।