আ.লীগ ক্ষমতায় গেলে গণতন্ত্র বিঘ্নিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর আসনের সাংসদ ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গণতন্ত্র বিঘ্নিত হয়। মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়। এখন তার আলামত পাওয়া যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।বাদ জোহর জানাজা শেষে জাকির হোসেনের লাশ গ্রামের বাড়ি শেরপুর উপজেলার দামুয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরও এক দফা জানাজা শেষে গ্রামের বাড়িতেই তাঁর লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। গত বুধবার রাজশাহীতে দলের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় হামলায় নিহত হন জাকির।গতকাল বগুড়া শহরের জানাজায় আরও অংশ নেন দলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিনু, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার, দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, কেন্দ্রীয় নেতা রিজভী আহমেদ, সাংসদ আব্দুল মোমিন তালুকদার, আইনজীবী হাফিজার রহমান ও মোস্তফা আলী মুকুল এবং জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।রাজশাহী বিভাগীয় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গত বুধবার বগুড়াসহ আশপাশের এলাকা থেকে শতাধিক বাস রাজশাহী যাওয়ার পথে বগুড়া-নাটোর সড়কের সিংড়ায় বিএনপির নেতা-কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এতে জাকির হোসেন নিহত হন। হামলা ও জাকিরের মৃত্যুর ঘটনায় রোববার বগুড়ায় সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।