আ.লীগ ক্ষমতায় থাকলেও সুষ্ঠু নির্বাচন হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও সুষ্ঠু নির্বাচন হয়, তার প্রমাণ রংপুরের সিটি করপোরেশন নির্বাচন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভোলার গাজীপুর রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও সেখানে হেরে গেছে। জিতেছে জাতীয় পার্টি। দেশি-বিদেশি মিডিয়া ও সারা দেশের মানুষ বলছে, রংপুরের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অথচ বিএনপি তৃতীয় অবস্থানে থেকে বলছে, তাদের কারচুপি করে হারানো হয়েছে। আগামী দিনগুলোতে মানুষকে মনে রাখতে হবে, বিএনপির কথার কোনো মূল্য নেই। সত্যকে মিথ্যা বলে বিএনপি প্রমাণ করেছে, তারা সব সময় সত্যকে মিথ্যা বলার চেষ্টা করে। সবকিছুতেই বিএনপির ‘না’ বলার অভ্যাস।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা, ২২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলা, ২২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘এ নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। সে চিন্তা মাথায় নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট কাজ করে যাচ্ছে। আশা করি, ভবিষ্যতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।’ তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর কোনো দিন আসবে না। বিএনপিকে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। নির্বাচন করবে কি না সেটা তাদের ব্যাপার।