একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল বিএনপি কোনো প্রতিক্রিয়া দেয়নি। দলটি বরাবরের মতোই এ বিষয়ে চুপ রয়েছে। আর জামায়াতে ইসলামী রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কাদের মোল্লা ১৯৭১ সালে গণহত্যার জন্য ‘কসাই কাদের’ নামে পরিচিত ছিলেন। তাঁর ফাঁসির রায়ে আওয়ামী লীগ খুশি। তিনি বলেন, ‘৪৫ দিনের মধ্যে রায় কার্যকর করার বিধান রয়েছে। তবে আশা করি, সরকারের এই মেয়াদেই ফাঁসির রায় কার্যকর করা হবে।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে বলেন, রায়ে দেরিতে হলেও জনগণ ন্যায়বিচার পেয়েছে। এতে আইনের শাসন প্রতিষ্ঠার পথে জাতি এক ধাপ এগিয়ে গেল।
প্রতিক্রিয়া নেই বিএনপির: মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায়ের কোনোটি নিয়েই কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। গতকাল কাদের মোল্লার বিরুদ্ধে রায়ের পর সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনালের আবদুর রাজ্জাক। তিনি কাদের মোল্লার ফাঁসির রায়কে ‘একটি ভুল রায়’ বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা তাঁদের প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা কিছু বলেননি। মওদুদ আহমদ বলেছেন, ‘এ রায়ের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। দল তার বক্তব্য পরে জানাবে।’
অবশ্য মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর বিএনপি সংবাদ সম্মেলন করে ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া দাবি জানিয়েছিল। দলীয় প্রধান খালেদা জিয়া ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জে এক জনসভায় এই বিচারকে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছিলেন।
জামায়াতের প্রতিক্রিয়া: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল দুপুরে এক বিবৃতিতে আপিল বিভাগের এই রায় নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এটি একটি ভুল রায়।’
বিবৃতিতে এই রায়কে ‘ন্যায়বিচারের পরিপন্থী’ ও দেশের ‘বিচারের ইতিহাসে এটি একটি দুঃখজনক অধ্যায়’ বলে দাবি করা হয়। এতে বলা হয়, বিচারিক আদালত যেখানে মুত্যুদণ্ড দেননি, সেখানে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ড প্রদান বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। তা ছাড়া স্কাইপ কেলেঙ্কারির পরও ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া আইনের শাসনের পরিপন্থী।
এ ছাড়া আওয়ামী লীগের অনেক নেতার বক্তব্যে কাদের মোল্লাকে তড়িঘড়ি করে হত্যার ষড়যন্ত্রই ফুটে উঠেছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।