বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, ‘দেশ আজ সংকটকাল অতিক্রম করছে। পানি নেই, বিদ্যুৎ নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রের দোহাই দিয়ে ভারতের ইশারায় ফখরুদ্দীন ও মইনের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসে এখন গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে।’জয়নাল আবদিন গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সিরহাট দাখিল মাদ্রাসায় উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের হাতে তুলে দিচ্ছে। এসবের প্রতিবাদ করায় বিএনপি ও জামায়াত জোটের নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। তিনি আরও বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে নয়। কিন্তু সরকার এই বিচারের নামে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে কোনো রাজনৈতিক নেতাকে হয়রানি করা হলে বিএনপি ও দেশবাসী ঘরে বসে থাকবে না। আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি খোন্দকার গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, আবু ইউছুফ মজুমদার, মমিন উল্লা, সাখাওয়াত হোসেন বক্তব্য দেন।