বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রকে রক্ষা এবং দেশের সত্যিকারের উন্নয়ন চাইলে বড় দুই দলের মধ্যে ন্যূনতম ঐক্যের বিকল্প নেই। আর এ জন্য ক্ষমতাসীন দলকেই এগিয়ে আসতে হবে। কিন্তু সরকার তা না করে প্রতিহিংসার রাজনীতি অব্যাহত রেখেছে; যা অতীতে ক্ষমতায় থাকাকালে তারা করেছিল। নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তারা একদলীয় শাসনে বিশ্বাসী। তাই তারা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার নানা ষড়যন্ত্রে নেমেছে; যার অংশ হিসেবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেও তাদের রুচিতে বাধছে না। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রেই সফল হবে না।জেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সাংসদ বরকতউল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব সাংসদ মাহবুব উদ্দিন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর থেকে সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে। গত কয়েক দিনের ঘটনায়ই প্রমাণিত হয়, সরকার ওই অঞ্চলকে অন্য কোনো দেশ বানাতে চায়।সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়। রাতে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করার কথা রয়েছে।