আ.লীগ চাইলে সানন্দে কথা বলতে রাজি: ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি ড. মুহাম্মদ ইউনূসের কথা শুনতে চায়, তাহলে তিনি সানন্দে কথা বলতে রাজি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ সোমবার ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এ কথা বলেন।
আজ বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম মিরপুরে ইউনূস সেন্টারে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে তাঁর কথা হয়।
সাংবাদিকেরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চেয়েছিলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল তাঁর সঙ্গে কথা বলছে। ড. মুহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে কথা বলবেন কি না।
এর আগে গত ২২ আগস্ট কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও ৭ জুলাই বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারা বাংলাদেশের একটি প্রতিনিধিদল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করেন। গত ২৭ জুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওই একই মাসে খালেদা জিয়ার অভিনন্দনপত্র নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল আমার কাছে আসছে। সরকারের কেউ যদি আমার কথা শুনতে চায়, তাহলে আমি সানন্দে কথা বলতে রাজি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সংঘাত কমবে, শান্তি বাড়বে।’

গতকালই পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তাঁরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আশা করেন, তিনি যেন জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে দলছুট ব্যক্তিদের খপ্পরে না পড়েন।রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে যেন বিতর্কিত না করেন।

বনমন্ত্রী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি।একজন নোবেল বিজয়ী ও বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা তাঁকে সম্মান করি।তিনি চট্টগ্রামের মানুষ।আমি চট্টগ্রামের সন্তান হিসেবে তাঁকে সম্মান ও শ্রদ্ধা করি।কিন্তু একজন নোবেল বিজয়ীর মুখে অন্য কোনো দলের দাবির সঙ্গে মিল রেখে বক্তব্য দেওয়া কাম্য নয়।’