আ.লীগ-ছাত্রলীগ নেতাদের হাতে এএসআই লাঞ্ছিত!
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাদের হাতে থানায় লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হরেরাম গ্রামের একটি জমি কেনাবেচা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরির ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন সহকারী উপপরিদর্শক আবদুল মান্নাফ। তদন্ত প্রতিবেদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহম্মেদের ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে যায়। বিষয়টি জানার পর নুরুজ্জামান আহম্মেদ দলবল নিয়ে গত সোমবার রাতে থানায় গিয়ে আবদুল মান্নাফের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে মান্নাফ ওসির চেম্বারে যান। তাঁকে দেখে উপজেলা চেয়ারম্যান ওই জমির বিষয়ে তাঁর লোকের বিরুদ্ধে কেন রিপোর্ট দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে হুমকি দেন। অভিযোগ আছে, এ সময় মান্নাফকে কালীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার রায়, চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ এবং উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠ বলে পরিচিত মজিবর রহমান শারীরিকভাবে লাঞ্ছিত করেন।আ.লীগ নেতা নুরুজ্জামান বলেন, ‘আমি সোমবার রাতে কালিগঞ্জ থানায় গিয়ে মান্নাফের কাছে কিছু বিষয়ে জানতে চাইলে সে আমার সঙ্গে বেয়াদবি করে।’