টাঙ্গাইলে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে লোক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল রোববার সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে ওই নেতা-কর্মীরা সিভিল সার্জনের কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে সিভিল সার্জনের বিরুদ্ধে লিখিত নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, টাঙ্গাইল স্বাস্থ্য বিভাগে সম্প্রতি তৃতীয় শ্রেণীর ৫৫টি ও চতুর্থ শ্রেণীর ৪৫টি পদে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ‘চাকুরি বঞ্চিত সর্বস্তরের মেধাবী ছাত্র সমাজের’ ব্যানারে এই নিয়োগ বাতিল ও সিভিল সার্জন আবদুল বাছিতের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় হরিজন ঐক্য পরিষদ। তাঁদের অভিযোগ, আবদুল বাছিত মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতিটি পদে নিয়োগ দিয়েছেন। তাঁর এই কাজে সহযোগিতা করেছেন তাঁর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছিমা বাছিত।পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকালে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীসহ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের কিছু নেতা দুই শতাধিক মোটরসাইকেল এবং একটি বড় মিছিল নিয়ে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন। পরে এক সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রৌফ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানিয়াত খান, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বেলা দুইটার দিকে ঘেরাও কর্মসূচির মধ্য থেকে পাঁচ-ছয়জন নেতা সিভিল সার্জনের কার্যালয়ের ভেতরে ঢোকেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ে ছিলেন না। তাঁরা ডেপুটি সিভিল সার্জন নূর মোহাম্মদের কক্ষে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনায় বসেন। আব্দুল বাছিত অভিযোগ করেন, ওই নেতারা কার্যালয়ে ঢুকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফ্যাক্স বার্তা পাঠানোর জন্য চাপ দেন। আব্দুল বাছিত তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, একটি নিয়োগ কমিটির মাধ্যমে বিধি মোতাবেক উপযুক্ত ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। একটি মহল তাঁদের লোক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিল। সেই লোকের নিয়োগ না হওয়ায় এখন এসব করছে।ডেপুটি সিভিল সার্জন নূর মোহাম্মদ বলেন, ‘বিক্ষোভকারীদের অনুরোধে বাস্তবতার নিরিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টেলিফোনে বিষয়টি জানিয়েছি।’