আ.লীগ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হবেন আমানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান। গতকাল মঙ্গলবার ঘাটাইল উপজেলায় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। অনুসারীদের নিয়ে দলত্যাগেরও হুঁশিয়ারি দেন তিনি।উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল দুপুরে আমানুরের কর্মী-সমর্থকেরা পৌর এলাকায় মিছিল করেন। মিছিল শেষে তাঁরা উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আমানুর বলেন, ‘শহিদুল দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত কেউ দলীয় মনোনয়ন পেতে পারেন না। জনতার প্রার্থী হিসেবে আমি দলত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হব।’আমানুর প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে আমি আজ ঘাটাইলে এসেছিলাম আমার কর্মী-সমর্থকদের সান্ত্বনা দিতে। কিন্তু তাঁরা আমাকে যেভাবে চাপ দিয়েছেন, এতে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে। ১৮ অক্টোবর মনোনয়নপত্র জমা দেব। এর আগে অনুসারীদের নিয়ে দল থেকে পদত্যাগ করব।’উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজমল হোসেন বলেন, দুর্নীতি করে শহিদুল দালানকোঠা, টাকা-পয়সা করেছেন। তাঁকে মনোনয়ন দেওয়ায় ঘাটাইলবাসী ক্ষুব্ধ।দলীয় মনোনয়ন পেয়ে শহিদুল গতকাল সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ঘাটাইল ফিরে আসেন। বিকেলে তাঁর সমর্থকদের নিয়ে খিলগাতি গ্রামে প্রয়াত সাংসদ মতিউর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দুর্নীতি ও দল থেকে বহিষ্কারের অভিযোগ ভিত্তিহীন বলে এ সময় উড়িয়ে দেন তিনি।টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমান মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ১৮ নভেম্বর এই আসনে নির্বাচন। সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় শহিদুলকে মনোনয়ন দেওয়া হয়। আমানুরও দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।