আ.লীগ জঙ্গিবাদকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএনপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনী বাধা পার হতে জঙ্গিবাদকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এর বাইরেও প্রধানমন্ত্রীর ট্রাম্পকার্ড আছে। রামুর ঘটনা এ রকম একটি ট্রাম্পকার্ড। গতকাল সোমবার চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন শেষে জনসভায় বিএনপির নেতারা এ কথা বলেন। তাঁরা অভিযোগ করেন, রামুর ঘটনার দিন সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতৃত্বে মিছিল ও ভাঙচুর হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। এমনকি মিছিলের নেতৃত্বে যাঁরা ছিলেন তাঁদের ছবিও পরের দিন স্থানীয় খবরের কাগজে প্রকাশিত হয়। তার পরও সরকার প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করে বিএনপির স্থানীয় সাংসদকে জড়ানোর চেষ্টা করেছে। বিএনপির নেতারা অভিযোগ করেন, বর্তমানে গ্যাস-সংযোগ বন্ধের ফলে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নগরের ষোলশহরে অবস্থিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির শিশুবিষয়ক সম্পাদক রোজী কবির, সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, বিএনপির নেতা মাহবুবুর রহমান, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, নাজিমুর রহমান প্রমুখ।