আ.লীগ জনবিচ্ছিন্ন তৎপর জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেটে কী নেই আওয়ামী লীগের? সাংসদ, মেয়র, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা চেয়ারম্যান সবই আওয়ামী লীগের। এই সব পদে গিয়ে নেতারা ব্যস্ত ঠিকই, কিন্তু কর্মীরা হয়ে পড়েছেন নির্জীব-নিষ্ক্রিয়। নেতাদের অনেক পদ-ব্যস্ততা প্রথমে কর্মী এবং পরে মানুষের সঙ্গ বিচ্ছিন্ন করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে জামায়াত-শিবির সহিংসতা সৃষ্টির সাহস দেখাচ্ছে।’ কিছুটা ক্ষোভের সঙ্গে এভাবেই বলছিলেন আওয়ামী লীগের সাবেক একজন নেতা। দেশজুড়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ওই নেতার মতামতের সঙ্গে কর্মী-সমর্থকদের মতও অভিন্ন। সিলেটে আওয়ামী লীগের এই জনবিচ্ছিন্নতার সুযোগ কাজে লাগাচ্ছে জামায়াত-শিবির। আবুল মাল আবদুল মুহিত সিলেট-১ (মহানগর-সদর) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে অর্থমন্ত্রী হন। মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। জেলা কমিটির সভাপতি আবদুজ জহির চৌধুরী জেলা পরিষদের প্রশাসক, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সাংসদ এবং জেলার সহসভাপতি আশফাক আহমদ সিলেট সদর উপজেলা চেয়ারম্যান। সিলেট মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সিলেটে সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্বও পালন করছেন। দলের অনেকে জানান, শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ পদে থাকায় সিলেটে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক হিসাবে দেখা গেছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর সিলেটে বিরোধী রাজনৈতিক দল হিসেবে জামায়াত-শিবিরই মাঠে সবচেয়ে বেশি তৎপরতা দেখাতে সক্ষম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জামায়াত-শিবির রাজনৈতিক কর্মসূচি নিয়ে তৎপর থাকার পাশাপাশি বিরোধী রাজনৈতিক জোট ১৮ দল গঠন তৎপরতায় সমান সক্রিয় ছিল। সিলেট মহানগর জামায়াতের সাবেক আমির শফিকুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হওয়ার পর তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে জামায়াত প্রথম হরতাল আহ্বান করে। পরে আরও দুটো হরতাল পালন করে। ২২ ফেব্রুয়ারি সিলেটে ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েক হাজার মুসল্লির মিছিল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর করার পর থেকে জামায়াত-শিবিরের সহিংসতায় আতঙ্ক ছড়াতে সক্ষম হয়। ২২ ফেব্রুয়ারি শহীদ মিনার ভাঙার প্রতিবাদেও আওয়ামী লীগ সিলেটের রাজনৈতিক মাঠে তেমন কোনো তৎপরতা দেখাতে পারেনি। মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘নেতৃত্বের পাশাপাশি পদে থাকা বড় বিষয় নয়। রাজনৈতিক নেতৃত্বের সফলতায় রাজনৈতিকভাবেই তো পদগুলো অর্জিত হয়েছে। পদে থাকার ব্যস্ততা সংগঠনকে ক্ষতিগ্রস্ত করছে বলে আমি মনে করি না।’ জামায়াতের সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত-শিবির বরাবরই সুযোগ সন্ধানী একটি দল। এদের দলীয় ভিত্তি যতই থাকুক, জনসমর্থনের দিক একেবারেই নড়বড়ে। আমাদের সবচেয়ে বড় বল জনসমর্থন সংগঠিত করতে হবে।’